Sunday, January 14, 2018

তিনে দুয়ে দশ কী এবং কেন পড়বেন / চয়নিকা জাহান চৌধুরী

তিনে দুয়ে দশ
‘তিনে  দুয়ে দশ’ ড. মোহাম্মদ আমীন-এর লেখা একটি  উপন্যাস। এটি সাধারণ কোনো উপন্যাস নয়, অনবদ্য উপন্যাস। অনবদ্য বলার কারণ আছে। এটি শুধু কথার কথা নয়। নিজের অভিজ্ঞতা হতে লিখিত এই উপন্যাসটি শিশুকিশোর
হতে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবার  উপযোগী, সবার মনে দাগ কাটতে সক্ষম। শিশু-কিশোরদের মনমানসিকতাকে আদর্শ চেতনায় জাগ্রত করতে হলে  বয়স্কদের কী করতে হবে,  কেমন হতে হবে এবং কীভাবে করতে হবে সেটি ছাড়াও এ বিষয়ে অভিভাবক, শিক্ষক ও সমাজের কর্তব্য কী, তা অতি হৃদয়গ্রাহী ভাষায় অনুপম এক গল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এর ভাষা এমন কৌশলে চয়িত, যা শিশুকিশোর থেকে শুরু করে সব বয়সের লোককে আলোড়িত করবে। শুধু তাই নয়, এর অন্তর্নিহিত ভাবনা, বাক্যচয়নে সহজ অনুবোধ্যতার সঙ্গে সমস্যার সমাধানভিত্তিক দার্শনিক নির্দেশনা যেমন মুগ্ধকর তেমনি সার্থকর। ভালোবাসা কীভাবে মানুষকে পরিবর্তন করে দিতে পারে এবং ভালোবাসার মাধ্যমে কীভাবে সবাই মহৎ হওয়ার ক্ষেত্র খুঁজে পেতে পারে তার বাস্তবভিত্তিক উদাহরণ উপন্যাসের পাতায় পাতায় বিধৃত করা হয়েছে কিশোর ওমর সুলতান, আকিদ কাদের, মুহিবুল কাদের এবং কিশোরী সেলিমার সঙ্গে তাদের শিক্ষকের আকর্ষণীয় সম্পর্ক আরা শিক্ষামূলক কথোপকথনে।

লেখক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন টিউশনি করতেন। ওমর নামের তাঁর এক ছাত্র ছিল। ছাত্রটি ছিল খুব ডানপিটে, দুষ্ট, বেপরোয়া এবং উচ্ছৃঙ্খল বেয়াদব। সে গৃহশিক্ষকের নিকট থেকে বেতনের কমিশন নিত, তাদের সঙ্গে অত্যন্ত রূঢ় আচরণ করত। বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে অবহেলাজনক ব্যবহার করত। ওমরের পিতা খুব প্রভাবশালী ছিলেন। তাই স্কুলের শিক্ষক বা স্কুল কমিটি ওমরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার চেষ্টা করতেন না। এমন অসভ্যতা করত বলে কোনো শিক্ষকই তাকে পড়াত না। পড়াতে এলেও কয়েক দিন পড়িয়ে চলে যেতেন। এমন এক অবস্থা উপনীত হয় যে, কোনো শিক্ষকই তাকে পড়ানোর জন্য পাওয়া যাচ্ছিল না। স্কুলের শিক্ষক এবং সহপাঠীরাও ওমরকে এড়িয়ে চলত। ক্রমশ সে খুব একা হয়ে পড়েছে। লেখকের এক বন্ধু, লেখককে ওমরের গৃহশিক্ষক হওয়ার প্রস্তাব করে। লেখক রাজি হয়।ওমরকে পড়াতে গিয়ে প্রথম দিনেই লেখক হতভম্ব হয়ে পড়েন। ওমরের আচরণ  খুবই রূঢ় এবং অপমানজনক।
বেতনের ৩০% কমিশন চেয়ে বসে সে। লেখক অপমানিত বোধ করলেও মনে মনে দৃঢ়প্রতিজ্ঞ হয়ে ওঠেন। দেখা, যাক কী করা যায়। তিনি ওমরকে উচ্ছৃঙ্খল জীবন থেকে ফিরিয়ে আনার প্রত্যয় নিয়ে নেন নিজ মনে। তাই ‍ওমরের সব অপমান কৌশলে হজম করে নিতে থাকেন। ওমর শিক্ষকেকে তার বালিকা-বান্ধবীর জন্য প্রেমপত্র লিখে দিতে বলতেন।  ক্লাসের সবার নিচে ছিল ওমরের স্থান। লেখক তার শিক্ষকের ভার নেওয়ার পর ওমর আরো বেশি উচ্ছৃঙ্খল হয়ে পড়ে। কিন্তু অন্য শিক্ষকের মতো লেখক তাকে ছেড়ে চলে যাননি। ভালোবাসা দিয়ে ওমরকে পরিবর্তনের প্রত্যয়ে আরো দীপ্ত হয়ে ওঠেন। আস্তে আস্তে ওমরের পরিবর্তন আসতে থাকে। পরের বছরের বার্ষিক পরীক্ষায় ওমর শেষস্থান থেকে তৃতীয় স্থানে উন্নীত হয়। কীভবে এক বছরের মধ্যে এমন পরিবর্তন সম্ভব হয়েছিল, তা এই গ্রন্থে বর্ণিত হয়েছে। সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে লেখা কিশোর উপন্যাসটি কিশোরদের শুধু আনন্দ দেবে না, বুদ্ধিমত্তার সঙ্গে লক্ষ্যে উপনীত হওয়ার অনুপ্রেরণাও জোগাবে। সর্বোপরি, কিশোরদের সঙ্গে মা-বাবা ও পরিবেশের মধ্যে কেমন সম্পর্ক হওয়া উচিত -- তাও অনবদ্য বাস্তবতায় ফুটিয়ে তোলা হয়েছে। এমন একটি কিশোর উপন্যাস পড়তে পেরে আমি সত্যি বিমোহিত।
অধ্যাপক হায়াৎ মামুদ

লেখকের জীবন থেকে নেওয়া এই গ্রন্থটি প্রকাশ করেছে পুথিনিলয়। পাওয়া যাবে  ২০১৮ খ্রিষ্টাব্দের অমর একুশে গ্রন্থমেলার পুথিনিলয় স্টলে। গ্রন্থটির প্রচ্ছদ করেছেন মামুন হোসাইন। শুধু উপন্যাসটি নয়, ভূমিকাও অনবদ্য। হায়ৎ মামুদের লেখা ভূমিকা পড়লে আপনার অনুভূতিতে অন্যরকম আলোড়ন সৃষ্টি হবে। বইটি পড়লে এবং এর নির্দেশনা মনে গেঁথে নিতে পারলে যে কেউ তার অবাধ্য দুষ্ট এবং যথেচ্ছাচারী উত্তরসুরী কিংবা ছাত্রছাত্রীদের লক্ষ্যস্থলে পৌঁছে দিতে পারবে। 

Saturday, January 13, 2018

গুরমিত রাম রহিম সিং ও ভারতীয় ধর্মগুরুদের কীর্তিকলাপ


গুরমিত রাম রহিম সিং ও ভারতীয় ধর্মগুরুদের কীর্তিকলাপ ড. মোহাম্মদ আমীনের লেখা
একটি গবেষণা গ্রন্থ। ভারতে ধর্মগুরুদের নিয়ে অসংখ্য কেলেঙ্কারির ঘটনা ঘটে। তবু কেন ধর্মগুরুদের প্রতি সাধারণ মানুষের প্রবল বিশ্বাস ও আস্থা কমে না বরং বেড়ে যায় তা এই গ্রন্থের একটি উল্লেখযোগ্য আলোচন। বেশ কিছুদিন যাবত পত্রপত্রিকায় ভারতীয় ধর্মগুরু গুরমিত ছিল অন্যতম আলোচনার বিষয়। প্রায় ছয় কোটি লোকের কাছে ভগবান হিসেবে সম্মানীয় একজন ব্যক্তিকে পত্রিকার আলোচনা রাতারাতি জঘন্য ধর্ষকে পরিণত করে দিয়েছে। তবু তাঁর ভক্তদের কেউ পত্রিকার কথা বিশ্বাস করেনি। বরং তার প্রতি তাদের ভালোবাসা, বিশ্বাস ও আস্থা আগের চেয়ে দৃঢ় হয়েছে। এর কারণও পুস্তকটিতে সবিস্তারে বর্ণনা করা হয়েছে।
আসলে গুরমিত কে? লেখকের মতে, বাস্তবতা, কল্পনা, যোগ্যতা, বুদ্ধিমত্তা, কুশলী অবস্থান, রহস্যময়তা, প্রতিভা প্রভৃতির সমন্বয়ে তৈরি এক অনবদ্য আধ্যাত্মিক ধর্মগুরু। তিনি সর্বমহলে যেন এক বিস্ময়। গুরমিত অন্যান্য ধর্মগুরুর মতো মুখে
সর্বদা স্রষ্টার নাম জপতে জপতে ক্লান্ত হওয়ার মতো সাধারণ কেউ নন। জপমালাও দেখা যায় না তার হাতে। বরং গোলাপি রঙের বাহারি জোব্বা চাপিয়ে মিউজিক ভিডিওর তালে তালে বিস্ময়কর কায়দায় নাচতে ভক্তদের মাঝে উপস্থিত হন। ভক্তবৃন্দ মনে করতেন যেন সত্যিকার ভগবান নেমে এসেছেন ধরায়। এ যেন জীবনের এক উদ্দাম উচ্ছ্বলতা। মানুষ সাধারণত এমন উচ্ছলই থাকতে চায় আজীবন। তার ডেরায় কনসার্ট ছাড়া ধর্মসভাও হতো। যারা যেটি ভালো লাগে। আলোচিত ও সমালোচিত আধ্যাত্মিক ধর্মগুরু গুরমিত রাম রহিম সিং যে কোনো বিবেচনায় বর্তমান বিশ্বের একটি বর্ণময় চরিত্র। তার মতো এত বৈচিত্র্যময় প্রতিভার অধিকারী কোনো ধর্মগুরু পৃথিবীতে জন্মগ্রহণ করেননি। মানুষকে আকর্ষিত করার জন্য যত প্রতিভা ও কলাকৌশল আয়ত্তে থাকা আবশ্যক তার সবগুলো গুরমিত রাম রহিমে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। হরিয়ানা-পাঞ্জাবে অন্তত ৫ লাখ সরাসরি ভক্ত আছে গুরমিত রাম রহিমের। যারা তাকে তাদের জীবনের চেয়ে বেশি আপন জানেন, তার জন্য জীবন দিতে পারেন অবলীলায়। সারা বিশ্বে গুরমিত রাম রহিমের ছয় কোটি ভক্ত রয়েছে। এসব ভক্ত রাম রহিমের প্রতি এতই বিশ্বস্ত যে, তারা গুরমিতকে ঈশ্বরের দূত বলে বিশ্বাস করেন। কিন্তু কেন? এটাই বইটিতে বর্ণিত হয়েছে।

গুরমিত রাম রহিম সিংয়ের মহিমা, প্রভাব এবং খ্যাতি ও ক্ষমতা তার ভক্তদের কাছে ভগবানের তুলনায় কোনো অংশে কম নয়। ভগবান বিশ্বাসী মানুষের কাছে ভগবানের যে
প্রভাব, ভক্তদের কাছে রাম রহিমের প্রভব তার চেযেও বেশি। যেদিন রাম রহিমকে হরিয়ানার আদালত ১৫ বছরের পুরনো ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত করে। আদেশ ঘোষণার পর পরই  ভক্তদের ক্ষোভ আর রোষের আগুন জ্বলে ওঠে পাঞ্জাব, হরিয়ানা ও দিল্লিসহ ভারতের আরও বহু এলাকায়। হরিয়ানার পঞ্চকুলা শহর কুরুক্ষেত্রের চেয়ে ভয়াবহ হয়ে উঠে। এর প্রভাব পড়ে উত্তরপ্রদেশ এবং রাজস্থানের বিস্তৃত এলাকায়। ডেরা  সাচা   সৌদা প্রধান গুরমিত রাম রহিম সিংয়ের ভক্তরা হরিয়ানার পঞ্চকুলা, সরসিয়াসহ পাঞ্জাবের বহু এলাকা কার্যত অচল করে দেয়। ডেরা  সাচা  সওদা প্রধানের রায়  শোনার জন্য দূরদূরান্ত থেকে লাখ লাখ নারী-পুরুষ অনুগামীরা পঞ্চকুলাতে সমবেত হয়েছিলেন। রায়দানের আগে যদি ‘গুরুজি’র সামান্য আভাস পাওয়া যায় সে আশায় অনেক ভক্তকে সেদিন আহাজারি করতেও দেখা যায়।  তার এমনভাবে আহাজারি করছিল যেন, তাদের সবকিছু শেষ হয়ে গেছে। আসলেই ভক্তদের কাছে রাম রহিমই ছিল শেষ ভরসাস্থল।
রাম রহিম সিংয়ের বিরুদ্ধে অভিযোগ, অভিযোগের কারণ, স্বরূপ, অভিযোগ আসলে কতটুকু সত্য, এর পেছনে কোনো স্বার্থ আছে কি না প্রভৃতি এই গ্রন্থে নানা তথ্যপ্রমাণসহ বিধৃত করা হয়েছে। অনেকের মতে, গুরমিতের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা  সন্দেহাতীত নয়। বরং তাকে অপদস্থ করার জন্য অনেক বছর আগে আনা একটি অসমর্থিত অভিযোগের ভিত্তিতে তাকে শাস্তি দেওয়া হয়েছে। এর পিছনে কার স্বার্থ ছিল, কী ষড়যন্ত্র তাঁর বিরুদ্ধে করা হয়েছে এবং কেন তার বিবরণ বইটির অন্যতম বিষয়। লেখক বলেছেন, প্রচলিত ধর্ম, বিশেষ করে শিখ সম্প্রদায়ের সঙ্গে বিরোধ এবং সর্বজনীন ধর্ম প্রতিষ্ঠার প্রয়াস তার বিরুদ্ধে এমন ষড়যন্ত্রের কারণ।

সাংবাদিক হত্যা, ধর্ষণ, ডেরার ম্যানেজার খুন, গুম প্রভৃতিসহ অসংখ্য অভিযোগ তার বিরুদ্ধে। ভক্তগণ মনে করেন এই অভিযোগ ভিত্তিহীন এবং ষড়যন্ত্র ছাড়া কিছুই নয়। কেন তার বিরুদ্ধ যড়যন্ত্র? ভক্তদের মতে, ভারতের হরিয়ানা, রাজস্থান ও পাঞ্জাব রাজে জাতপ্রথা দুরীভূত করার ডাক, দলিতদের সামাজিক মর্যদা প্রদানে বদ্ধপরিকর অবস্থান, শিখধর্মের কিছু নীতির বিরোধিতা, দশম শিখ নেতার অনুকরণে পোশাক পরিধান, মাদকদ্রব্য বিরোধী অবস্থান, যৌনকর্মীদের পুনর্বাসন, নারীপাচার রোধ বিরোধী ভূমিকা, ধর্মসংস্কার, নতুন সম্প্রদায়ের প্রতিষ্ঠাএবং উত্তরোত্তর তার ভক্ত সংখ্যা বৃদ্ধিতে বিরোধী পক্ষের ঈর্ষা-ভয় প্রভৃতি কারণে গুরমিত রাম রহিম সিংহ ইনসানকে হেয় করার ষড়যন্ত্র শুরু হয়। যার প্রথম পদক্ষেপ ছিল গুরমিতকে পাঞ্জাবে প্রবেশ নিষিদ্ধকরণ।


গুরুমিত ছাড়াও ভারতীয় আরো কিছু ধর্মগুরুর কীর্তিকলাপ সম্পর্কে গ্রন্থটিতে আলোকপাত করা হয়েছে। এরা হলেন :  আনন্দ মূর্তি আশারাম বাপু আশুতোষ মহারাজ বাবা পরমানন্দ
রাধে মা সচ্চিদানন্দ গিরি রামবৃক্ষ যাদব: চন্দ্রস্বামী স্বামী ওমজি সারথি বাবা লাল সাই গুলজার পির নির্মল বাবা ইচ্ছাধারী ভীমানন্দ নারায়ণ সাঁই রামপাল বৃহস্পতি গিরি স্বামী গঙ্গেশানন্দ স্বামী নিত্যানন্দ স্বামী অসীমানন্দ  প্রেমানন্দ স্বামী ভীমানন্দজি মহারাজ স্বামী স্বদাচারী প্রমুখ। লেখক বইটিতে গরমিত রাম রহিম সিং এর বিরুদ্ধে আনীত অভিযোগকে বিশেষ উদ্দ্যেশে পরিচালিত ষড়যন্ত্রের কারণে ব্যাপকতর করে গোষ্ঠীস্বার্থ হাসিল করার প্রয়াস হিসেবে বিধৃত করে বলেছেন, প্রচলিত শিখ ধর্মের বিরুদ্ধে তার অবস্থান এবং ধর্মীয় ও রাষ্ট্রীয় শোষণের পরিবর্তে সমতাভিত্তিক ধর্ম ও সামাজিক ব্যবস্থা প্রতিষ্ঠার ঐকান্তিক প্রয়াসই ছিল গুরমিতের উদ্দেশ্য। এর মধ্যে কিছু ভুলভ্রান্তি হয়তো থাকতে পারে। কিন্তু ভুলভ্রান্তির পরিবর্তে তার কাজে যে আরো কল্যাণকর কিছু ছিল সেগুলি উপেক্ষা করে তাকে ষড়যন্ত্রের মাধ্যমে অপদস্থ করা হয়েছে।বইটি পড়লে গুরমিতের বিরুদ্ধে আনীত অভিযোগের স্বরূপ এবং তার উদ্দেশ্য সম্পর্কে পাঠক নতুন অভিজ্ঞানে ঋদ্ধ হবেন।

বইটির প্রকাশক : ‍পুথিনিলয়, বাংলাবাজার, ঢাকা; প্রচ্ছদ করেছেন : মামুন হোসাইন। দাম ১৫০ টাক। পাওয়া যাবে : অমর একুশে গ্রন্থমেলায় পুথিনিলয় এর স্টলে।

চর্যাপদের উৎসভূমি / উত্তম বড়ুয়া

 চর্যাপদের উৎসভূমি
ড. মোহাম্মদ আমীন রচিত একটি গবেষণাগ্রন্থ। চর্যাপদ  কোথায় বা কোনস্থানে রচিত হয়েছে, তা গ্রন্থের
বিষয়বস্তু। আবিষ্কারের পর থেকে চর্যাপদের দাবি নিয়ে বিতর্কের শেষ নেই। বাংলা ছাড়াও আরো কয়েকটি ভাষাভাষী চর্যাকে নিজেদের ভাষার নিদর্শন বলে দাবি করেছেন। হিন্দিভাষীরাও চর্যাকে তাদের ভাষার নিদর্শন দাবি করেন। ড. মোহাম্মদ আমীন এসব দাবিকে চর্যাপদের গুরুত্ব পরিবর্ধক হিসেবে উল্লেখ করে বলেছেন, চর্যাপদকে একাধিক ভাষাভাষী নিজেদের ভাষার নিদর্শন দাবি করলেও চর্যা যে, বাংলার আদি নিদর্শন, এ দাবি নস্যাৎ হয়ে যায় না। বরং চর্যার গ্রহণযোগ্যতা ও গুরুত্ব আরো বৃদ্ধি পায়। চর্যাকে একাধিক ভাষাভাষী নিজেদের নির্দশন হিসেবে দাবি করতেই পারেন এবং তা ঐতিহাসিক কারণেই অযৌক্তিক নয়। এতে বরং বাংলা ভাষার গুরুত্ব আরো বেড়ে যায়। তিনি এসব দাবি বিতর্কে না গিয়ে নতুন একটি বিষয়ের অবতারণা করেছেন। সেটি হচ্ছে, চর্যাগুলি কোথায় লিখিত হয়েছে? তিনি তৎকালীন রাজনীতিক কর্মকাণ্ড, রাষ্ট্রীয় কার্যক্রম, ধর্মীয় প্রেক্ষাপট, সাহিত্যচর্চার প্রকৃতি, চর্যারচনার অনুকূল স্থান প্রভৃতি থেকে ঐতিহাসিক ঘটনার পরম্পরা উল্লেখ করে প্রমাণ করেছেন যে, চর্যাপদ চট্টগ্রামে রচিত হয়েছে।

বাংলা ভাষার উৎপত্তি যখনই হোক, চর্যাপদ যে, বাংলা সাহিত্যের আদি নিদর্শন সে বিষয়ে কোনো সন্দেহ নেই এবং এর বিপরীতে অন্য কোনো গ্রহণযোগ্য প্রমাণক না পাওয়া পর্যন্ত চর্যাপদকেই বাংলা সাহিত্যের আদি নিদর্শন গণ্য করতে হবে। তাই ‘চর্যাপদ’ অদ্যাবধি বাংলা ভাষার প্রাচীন নিদর্শনের আসনে অধিষ্ঠিত। লেখক বলেছেন, চট্টগ্রামের বৌদ্ধ ইতিহাস সুপ্রাচীন। সুস্পা কাহ্নপো রচিত  পাগসাম-জোন-জন ও লামা তারানাথ লিখিত ‘কাবাভদুন দন’ নামের তিববতীয় গ্রন্থে চট্টগ্রামে বৌদ্ধ প্রাধান্য ও তাদের ধর্মমুখী সাহিত্যচর্চার কথা উল্লেখ আছে।এখন প্রশ্ন হলো, চর্যাপদ বাংলা ভাষার আদি নিদর্শন হলে নেপালে গেল কীভাবে? এর উৎস-ভাষা এবং লেখার স্থানই বা কোথায়? এবং চর্যাপদের বাক্যবিন্যাস ও শব্দ সংহিতার উৎস কী প্রভৃতি আলোকপাত করা হয়েছে।

চর্যা বাংলা হলে এ বাংলায় কোন অঞ্চলের প্রভাব বেশি রয়েছে তা নিয়েও আলোকপাত করা হয়েছে। লেখক বলেছেন, চর্যাকারদের অধিকাংশ বাঙালি ছিলেন। তবে, কয়েকজন বাংলা ভাষায় লেখেননি। যারা বাংলা
ভাষায় লিখেননি, তারা বাঙালি না-ও হতে পারেন আবার বাঙালিও হতে পারেন। বাঙালি না হলে যে বাংলা
লেখক ড. মোহাম্মদ আমীন ও প্রকাশক শ্যামল পাল
ভাষায় লিখবেন না বা লিখতে পারবেন না এমন বলা যায় না। কারণ তাঁরা যেখানে অধ্যয়ন করেছেন সেটি সম্মিলিত অধ্যয়নস্থল ছিল। তা না হলে এগুলো একক পুঁথিতে স্থান পেত না। তখন তো আর বর্তমান সময়ের মতো এত সহজ যোগাযোগ ব্যবস্থা ছিল না। তাই ভিন্নভাষী হলেও একই ধর্মাবলম্বী ছিলেন বা অভিন্ন মতানুসারী ছিলেন বলে তারা একই স্থানে বসে চর্যা রচনা করেছেন। তাছাড়া সেসময় একদেশে বসে অন্যদেশের ভাষায় লেখা ছিল অর্থহীন। এবার প্রশ্ন আসে, সেকালে এমন মহামিলন স্থান কোথায় ছিল?  লেখক যুক্তি, প্রমাণ এবং ঐতিহাসিক বিবরণ দিয়ে প্রমাণ করেছে স্থানটি ছিল দক্ষিণ চট্টগ্রাম।